সাত খুনে নোয়াখালী থেকে সন্দেহভাজন দুজন আটক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে সন্দেহভাজন দুই ব্যক্তিকে নোয়াখালী থেকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বেলা তিনটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর লাউতলী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে তাঁরা আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিদের একজনের নাম সম্রাট (২০), অন্যজন সম্রাটের বড় ভগ্নিপতি মহিবুল্লা মবু (৪০)। মবুর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি নূর হোসেনের একজন গাড়িচালক। সম্রাট উত্তর লাউতলী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম) সুব্রত হাওলাদার ওই আটক অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে তিনি সেনবাগ থানার পুলিশের সহায়তা নেন। তবে, দুই ব্যক্তিকে আটক বা অভিযান বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হাওলাদার। এক প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না।’
পরে রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তপন চন্দ্র কর প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে পুলিশের বেশ কিছু সদস্য এলাকায় এলে তিনি এর কারণ জানতে চান। প্রথমে তাঁরা কিছু বলতে না চাইলেও তাঁর পরিচয় পেয়ে জানান তাঁরা নারায়ণগঞ্জের খুনের ঘটনায় দুজনকে আটক করতে এসেছেন। এরপর পুলিশ সম্রাট ও তাঁর ভগ্নিপতিকে আটক করে নিয়ে যায়।