সাত খুনের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান অ্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ রোববার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘দেশের আপামর জনসাধারণ এ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের কাজ ছিল মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা। তাঁরাই যদি অপরাধের সঙ্গে জড়িত হয়ে যান, সে অপরাধ ক্ষমার অযোগ্য।’
এর আগে গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ মামলার যুক্তিতর্ক শেষে ১৬ জানুয়ারি রায় ঘোষণা জন্য দিন ধার্য করেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও তাঁর চার সঙ্গী এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। এ মামলায় আসামি ৩৫ জন।