সাত খুনের ঘটনার বিচারিক তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত খুনের ঘটনায় জড়িতদের শুধু নয়, আগের ডিসি, এসপি, র‌্যাবের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতা, যাঁরা আর্থিক সুবিধা নিয়ে গত দুই বছরে নূর হোসেনকে আশ্রয় দিয়ে দানব বানিয়েছেন, তাঁদেরও বিচারের আওতায় আনতে হবে। তাঁরাই মদদ দিয়ে নারায়ণগঞ্জকে গুম-খুন-অপহরণের অভয়ারণ্য বানিয়েছেন। এই শহরকে পরিণত করেছেন আতঙ্কের জনপদে।
আতঙ্কমুক্ত নিরাপদ নারায়ণগঞ্জের দাবিতে আয়োজিত নাগরিক সভায় নেতারা গতকাল মঙ্গলবার এ দাবি করেন৷
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাত খুনের ঘটনায় বিচারিক তদন্ত দাবি করে বলেছেন, ‘সত্য নিষ্ঠুর। নানা রকম চাল চেলে মন্ত্রীর জামাতা র‌্যাবের সাবেক সিওকে বাঁচানো যাবে না। নূর হোসেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্মিলিত দুর্বৃত্তায়িত রাজনীতির ফসল। কারণ, সে প্রথম জাতীয় পার্টি, পরে বিএনপি হয়ে আওয়ামী লীগে যোগ দেয়।’
‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামে একটি সংগঠন গতকাল দুপুরে শহরের নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে এই নাগরিক সভার আয়োজন করে। নূর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবরার হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (তদন্ত) নূর খান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, মাহাবুবুর রহমান, আওলাদ হোসেন, হিমাংশু সাহা, খলিলুর রহমান, তরিকুল সুজন, শফিকুল ইসলাম দেলোয়ার, মহানগর সুজনের সভাপতি আহসানুল করিম চৌধুরী প্রমুখ।
মাহমুদুর রহমান মান্না বলেন, হাইকোর্টের নির্দেশের পর তিন দিনেও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়নি। বলা হচ্ছে, আইনগত প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এখন সবকিছুতেই প্রধানমন্ত্রীর নির্দেশ লাগে। তাহলে মন্ত্রিসভার কী দরকার? অভিযুক্ত র‌্যাবের সাবেক সিও মন্ত্রীর জামাতা হওয়ায় তাঁকে বাঁচানোর চেষ্টা চলছে৷
মাহমুদুর রহমানের দাবি, ‘আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি চাই, যাঁরা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা জাতির কাছে উদ্ঘাটন করবেন।’