সাত খুনের ঘটনায় কর্নেল জিয়াকে গ্রেপ্তারের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসানসহ জড়িত আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও গডফাদারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের এ দাবি তুলে ধরেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ তিনি বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে কর্নেল জিয়াসহ সকল অপরাধীকে গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পত্রিকায় খবর বেরিয়েছে ‘জড়িতদের সম্পর্কে সব জেনেও চুপ ছিল র্যাব’—দেশবাসীর প্রশ্ন সব জেনেও র্যাব কেন চুপ ছিল। তার কারণ হচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে র‌্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জিয়াউল হাসান জড়িত। সাক্ষ্যপ্রমাণে যা বেরিয়ে এসেছে। এ ছাড়া জড়িত ছিল আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও নারায়ণগঞ্জের কথিত একজন গডফাদার। ইতিমধ্যে সাত খুনের ঘটনায় জড়িত র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) এম এম রানা আদালতে জবানবন্দি দিয়ে নিজেদের দোষ স্বীকার করে হুকুমদাতাদের নাম প্রকাশ করেছেন।
রিজভী বলেন, এখন এ কথা দিবালোকের মতো পরিষ্কার যে অভিযুক্ত র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে হাইকোর্টের নির্দেশে। যার কারণে দেশবাসী খুনের পরিকল্পনাকারীদের নাম ও পরিচয় জানতে পেরেছে। আসামিদের স্বীকারোক্তিতে কর্নেল জিয়াসহ যেসব নাম এসেছে সেসব ব্যক্তিকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তার জন্য গোটা জাতি স্তম্ভিত।
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, ‘এত অভিযোগ থাকার পরও কেন বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মহানায়ক র‌্যাবের সহ-অধিনায়ক কর্নেল জিয়াউল হাসানকে প্রেপ্তার করা হচ্ছে না? আর কত মায়ের কোল খালি হবে? আর কত মানুষ নিঃশব্দ বেদনায় গুম-খুনের ভয়ে দিনরাত্রি যাপন করবে?’
এর আগে গত ২৮ মে মুন্সিগঞ্জের জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন যে র‌্যাবের এডিজি কর্নেল জিয়া অসংখ্য মানুষকে গুম করেছেন৷ এ ছাড়া নারায়ণগঞ্জের সাত খুনের পর বিএনপি তাদের আমলে গঠিত এই বাহিনী বিলুপ্তির দাবি জানিয়ে আসছে৷