সাত খুনের ঘটনায় জড়িতদের শাস্তি চান মায়া
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় যেই জড়িত থাকুক আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। প্রয়োজনে তিনিও তদন্ত কাজে সহযোগিতা করবেন।
সচিবালয়ে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী এসব কথা বলেন। তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কিছু বলেননি মন্ত্রী।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় ত্রাণমন্ত্রীর জামাতা র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদও জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে সেনাবাহিনীর এই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সকালে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লা বিন নাসের আল বুসাইরি মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত সৌদি সরকারের পক্ষ থেকে রমজান উপলক্ষে দুস্থ ও গরিবদের জন্য উপহার হিসেবে ১৫০ মেট্রিক টন খেজুর দেওয়ার কথা জানান৷