সাত খুনের তদন্ত নিবিড় পর্যবেক্ষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের দায়মুক্তি দেওয়া বন্ধ করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগের তদন্ত-প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে তারা। একই সঙ্গে যুক্তিগ্রাহ্য ফৌজদারি অপরাধ না থাকলে গুম হওয়া ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আনা একটি যৌথ প্রস্তাবে এ অভিমত দেওয়া হয়। বিতর্কের পর পার্লামেন্টে প্রস্তাবটি গৃহীত হয়। বাংলাদেশ সরকার ও সংসদ, ইউরোপীয় কমিশন, কমিশনের ভাইস প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক এবং নিরাপত্তা নীতিমালাসংক্রান্ত জ্যেষ্ঠ প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র ও তাদের পার্লামেন্টে প্রস্তাবটি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সামগ্রিকভাবে প্রস্তাবটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। র্যা বের ব্যাপারে তাদের আগ্রহের বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। তবে নারায়ণগঞ্জের ঘটনা আমাদের জন্য নতুন এক শিক্ষা। র‌্যাব যাতে আইনের আওতায় দায়িত্ব পালন করে সেটি নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
প্রস্তাবে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিরোধীদলীয় কর্মীদের গুম, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে ১৬ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া রায়কে পার্লামেন্ট স্বাগত জানিয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে পাওয়া তথ্য থেকে জানা গেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশের শ্রম আইন প্রয়োগ নিশ্চিত করতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তাঁরা উল্লেখ করেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর হতাহত ব্যক্তিদের সহায়তায় রানা প্লাজা সমন্বয় কমিটির গঠিত ডোনার ট্রাস্ট ফান্ড মেকানিজম বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে। যদিও প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্তভাবে দেওয়া সহায়তা এখন পর্যন্ত মাত্র ১৭ মিলিয়ন (এক কোটি ৭০ লাখ) মার্কিন ডলার। তারা তাদের প্রতিশ্রুত ২৩ মিলিয়ন (দুই কোটি ৩০ লাখ) ডলার এখনো দেয়নি।
সর্বশেষ এ প্রস্তাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) পূরণের অগ্রগতির মাধ্যমে কোটি মানুষের দৈনন্দিন জীবনে গুণগত পরিবর্তন আনায় বাংলাদেশ সরকারের প্রশংসা করা হয়েছে। বিশেষ করে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট জামায়াতে ইসলামীর ন্যায় মৌলবাদী সংগঠনের অব্যাহত হুমকির মতো কঠিন পরিস্থিতিতে এ অগ্রগতি অর্জিত হয়েছে।
গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়েছে, যুক্তিগ্রাহ্য ফৌজদারি অপরাধ না থাকলে গুম হওয়া ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এ ধরনের ঘটনায় কারও বিরুদ্ধে মামলা থাকলে অবিলম্বে তাঁকে আদালতে হাজির করতে হবে। গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হচ্ছে, তাদের ব্যাপারে তদন্ত চালাতে হবে।
র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাবে উদ্বেগ জানানো হয়েছে। র‌্যাবসহ অন্যান্য বাহিনীকে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। র্যা বের হাতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যার তদন্ত ও বিচারের মাধ্যমে তাদের দায়মুক্তি দেওয়া বন্ধে সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার তদন্ত-প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে জানিয়ে বলেছে, এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যা বের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে তাঁদের বিচারিক প্রক্রিয়া অপেক্ষাধীন আছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অপহৃত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জন এবং পরদিন আরেকজনের লাশ ভেসে ওঠে।
প্রস্তাবে বলা হয়েছে, এ অঞ্চলে আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনের হুমকি বেড়ে যাওয়ায় অতীতের যেকোনো সময়ের তুলনায় বিচার, নিরাপত্তা ও মানবাধিকার সংগঠনের প্রতি মানুষের আস্থা বাড়ানোটা জরুরি হয়ে পড়েছে।
গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের নতুন সম্প্রচার নীতিমালা বাতিল এবং সরকারকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
প্রস্তাবে জাতিগত ও ধর্মীয় উসকানিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। হিন্দু-বৌদ্ধ–খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায় ও বিহারিদের জন্য আরও ভালোভাবে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।