সাত খুনের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ৷ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ ছাড়াও ফেনী ও লক্ষ্মীপুরে রক্ত ঝরছে৷ নারায়ণগঞ্জের মাটিতে রক্তের দাগ লেগেছে৷ আমরা আর রক্ত চাই না৷ সরকারের কাছে আহ্বান, গণতন্ত্র টিকিয়ে রাখতে আতঙ্ক দূর করে শান্তি ফিরিয়ে আনুন৷’
গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ৷
জেলা জাসদের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে শোকসভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও নাসিম ওসমানের ছোট ভাই শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা ন্যাপ সভাপতি এম এ ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন৷
শোকসভায় এরশাদ বলেন, ‘নাসিম ওসমানের আসন থেকে যাঁকে প্রার্থী দেব, তাঁকে বিজয়ী করে আপনারা তাঁর (নাসিম ওসমানের) আত্মাকে শান্তি দেবেন৷’ এরশাদ তাঁর বক্তব্যে নাসিম ওসমানকে ছোট ভাই, সহকর্মী ও সহযোদ্ধা উল্লেখ করে বলেন, ‘তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন৷ আমি নারায়ণগঞ্জ এসেছি আপনাদের সঙ্গে দুঃখ ভাগ করে নেব বলে৷’ শোকসভায় সাত খুনসহ সব গুম-খুনের ঘটনার বিচার দাবি করেন এরশাদ৷
নাসিম ওসমানের আসনে পুনর্নির্বাচনে শোকসভা থেকে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত এরশাদ তা করেননি৷