সাত খুনের দুই মামলায় অভিযোগ গঠন পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ গ্রেপ্তার ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

১১ জানুয়ারি অভিযোগ গঠনের ধার্য তারিখ থাকলেও অসুস্থতার কারণে মামলার আসামি র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ আদালতে হাজির না হওয়ায় অভিযোগ গঠন পেছানো হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, আজ অভিযোগ গঠনের তারিখ ধার্য থাকলেও আসামিপক্ষের আবেদনের কারণে তা আগামী ৮ ফেব্রুয়ারি করেছেন আদালত। আদালতে নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১১ আসামি জামিন আবেদন জানান। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ এর বিরোধিতা করে। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। তিনি অভিযোগ করেন, নূর হোসেনের লোকজন বাদী ও তাঁর পরিবার এবং মামলার সাক্ষীদের হুমকি-ধমকি দিচ্ছে। এতে তাঁরা আতঙ্কে রয়েছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ ভেসে ওঠে। ওই ঘটনায় নজরুল ও তাঁর চার সহযোগীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করেন।

দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে এক মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি তাঁর দায়ের করা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র দেওয়ায় না রাজি পিটিশন দাখিল করেন। প্রথমে বিচারিক হাকিম আদালত এবং পরে জেলা ও দায়রা জজ আদালত তা খারিজ করে দেন। পরে সেলিনা ইসলাম বিউটি অধিকতর তদন্ত চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত শুনানি শেষে আদেশে বলেন, পুলিশ চাইলে মামলাটি অধিকতর তদন্ত করতে পারে। তবে মামলাটিতে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার ধারা যুক্ত করে বিচার করার জন্য জেলা ও দায়রা জজকে নির্দেশ দেন।