সাত খুনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জাপার

নারায়ণগঞ্জে অপহরণের পর সাত খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। একই সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতীয় সংসদের অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু রাষ্ট্রপতি ও সরকারের প্রতি এ আহ্বান জানান। হত্যা, খুন, গুম ও অপহরণের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহূত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তাঁর চার সহযোগী। একই সময় একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহূত হন আইনজীবী চন্দন সরকার। তিন দিন পর গত ৩০ এপ্রিল একে একে ছয়জনের এবং পরদিন ১ মে আরেকজনের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে।
নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ৪ মে র্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তিনি বলেছেন, নজরুলকে র্যাব তুলে নিয়ে হত্যা করেছে। এর জন্য আরেক কাউন্সিলর নূর হোসেনসহ কয়েকজনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়েছেন র্যাবের কয়েকজন কর্মকর্তা।
জাপার মহাসচিব বলেন, ‘একটি স্বাধীন ও সভ্য দেশে এভাবে খুন, গুম, অপহরণ চলতে পারে না। আর তা নিয়ে আমরা রাজনীতিও করতে চাই না।’
জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু দাবি করে বলেন, ‘আজ সংসদ থাকলে আমরা আলোচনার ঝড় তুলতাম। প্রতিবাদের ঝড় তুলতাম। সংসদ নেই, তাই আমরা রাজপথে নেমেছি।’
মানববন্ধনে অংশ নিয়ে জাপার সাংসদ রওশন আরা মান্নান বলেন, সাত খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোর্ট মার্শালে ফাঁসি দেওয়া উচিত।
মানববন্ধনে অংশ নেওয়া জাপার অন্য নেতারা দেশের নাগরিকদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চান।
মানববন্ধনে অংশ নেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ সৈয়দ আবুল হোসেন, এম এ হান্নান, শেখ সিরাজুল ইসলাম, দলের ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।