সাত খুনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চায় জাতীয় পার্টি
নারায়ণগঞ্জে অপহরণের পর সাত খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে সরকারের শরিক ও জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি । একই সঙ্গে সাত খুনের বিষয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছে দলটি৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে দলের পক্ষ থেকে এ দাবি জানান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু৷ সারা দেশে হত্যা, গুম, অপহরণের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ অংশ নেননি।
জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘গুম, খুন, অপহরণ প্রতিদিনকার ঘটনায় পরিণত হয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে এটা কী করে সম্ভব? সংসদ থাকলে আলোচনার ঝড় তুলতাম, প্রতিবাদের ঝড় তুলতাম। সংসদ নেই, রাজপথে এসেছি।’ তিনি বলেন, ‘আমরা চাই নারায়ণগঞ্জের অপহরণ ও খুনের দ্রুত বিচার হোক। প্রয়োজনে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে গুম, খুন ও অপহরণকারীদের বিচার করা হোক।’
মানববন্ধনে অংশ নিয়ে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম হাবিব ও শেখ সিরাজুল ইসলাম, সাংসদ সৈয়দ আবুল হোসেন, এম এ হান্নান প্রমুখ।