সাত খুনের মামলার আসামি হাসু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসমত আলী ওরফে হাসু
হাসমত আলী ওরফে হাসু

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার অন্যতম আসামি হাসমত আলী ওরফে হাসু গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে যশোরের সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিজিবির পক্ষ থেকে এমন কাউকে গ্রেপ্তার করার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সাত খুনের মামলা তদন্তে গঠিত জিজ্ঞাসাবাদ কমিটির আহ্বায়ক মো. জাকারিয়া কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে জানান, তিনিও এমন খবর শুনেছেন।

এই হত্যা মামলার ৩ নম্বর আসামি হাসমত আলীর বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজিমিজি পশ্চিমপাড়া। হত্যা মামলার ১ নম্বর আসামি কাউন্সিলর নূর হোসেনের অন্যতম কোষাধ্যক্ষ বলে তিনি পরিচিত। সিদ্ধিরগঞ্জে ফুটপাত ও পরিবহনের চাঁদাবাজিতে নূর হোসেনের অন্যতম সহযোগী এই হাসু।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পার হয়ে ২০০ গজ সামনে থেকে গাড়িচালক, তিন সহযোগীসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালককে অপহরণ করা হয়। তিন দিন পর তাঁদের ছয়জন এবং পরদিন আরেকজনের মৃতদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে। তিন দিন পর গত ৩০ এপ্রিল একে একে ছয়জনের এবং পরদিন ১ মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
র্যাব-১১-এর কয়েকজন কর্মকর্তাকে দিয়ে নূর হোসেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে নজরুলের পরিবার দাবি করেছে।