সাত খুনের মামলায় অধিকতর তদন্তের বিষয়ে শুনানি শুরু
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা মামলায় অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনের শুনানি আজ রোববার হাইকোর্টে শুরু হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এ আবেদনের শুনানি শুরু হয়।
আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মন্টু ঘোষ। শুনানিতে তিনি বলেন, গত ২৮ এপ্রিল র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে নজরুল ইসলামের স্ত্রী অভিযোগপত্রের বিষয়ে বিচারিক আদালতে একটি নারাজি আবেদন করেন। গত ৯ নভেম্বর বিচারিক আদালত এ নারাজি আবেদন খারিজ করেন। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে এবং মামলাটির আরও অধিকতর তদন্ত চেয়ে এই ‘ক্রিমিনাল রিভিশন’ আবেদন করা হয়েছে।
গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়। নিহত অপর পাঁচজন হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল একই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন।