সাত খুনের মামলায় সাক্ষ্য দিলেন তিন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় তিন বিচারকসহ পাঁচজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আদালত ২৪ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এ দুই মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

সরকারি কৌঁসুলি এস এম ওয়াজেদ আলী খোকন জানান, সকাল সাড়ে নয়টা থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত চলে। আজ সাক্ষ্য দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহম্মেদ, বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা এবং মোহাম্মদ আলী ও আইনজীবী হুমায়ুন কবির।
সৈনিক নুরুজ্জামানের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছিলেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহম্মেদ। কনস্টেবল বাবুল হাসানের দোষ স্বীকার করে দেওয়া স্বীকারোক্তি এবং তিন সাক্ষীর জবানবন্দি রেকর্ডকারী বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফ। আর সিপাহি আবু তৈয়ব ও আসাদুজ্জামান নূর এবং হাবিলদার নাসির উদ্দিনের দোষ স্বীকার করে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষী হিসেবে সাতজনের জবানবন্দি রেকর্ড করেছিলেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম। এ ছাড়া অপহরণের ঘটনায় সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন মনোয়ারা বেগম।

তা ছাড়া অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দেন মোহাম্মদ আলী ও আইনজীবী হুমায়ুন কবির আদালতে সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। এ নিয়ে সাত খুনের দুই মামলায় ৫১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আজ যাঁরা সাক্ষ্য ​দিয়েছেন, তাঁদের মধ্যে অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। যা মামলার বিচার কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটিসহ দুটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়।