নারায়ণগঞ্জের সাত খুনের সুষ্ঠু বিচার হওয়া নিয়ে সন্দেহ পোষণ করেছেন বিবিসি বাংলাদেশ সংলাপের বেশির ভাগ আলোচক৷ তাঁরা বলেছেন, গুম-খুনের বিচার নিয়ে দেশের অতীত অভিজ্ঞতার আলোকে বলা যায়, সাত খুনের সুষ্ঠু বিচার শেষ পর্যন্ত হবে না৷ রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল শনিবার বিবিসি সংলাপের ৭৩তম পর্ব অনুষ্ঠিত হয়৷
সংলাপে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সাত খুনের বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না৷ অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে৷ তবে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও তদন্তের জন্য সময়ের প্রয়োজন৷ এ জন্য ধৈর্য ধরতে হবে৷
র৵াব প্রসঙ্গে গওহর রিজভী বলেন, র৵াবে হয়তো কয়েকজন খারাপ লোক আছে, সেই সমস্যার সমাধান করতে হবে৷ কিন্তু র৵াবকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়৷
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, অতীতের অভিজ্ঞতা বলে, সাগর-রুনি, ত্বকী হত্যার েকানো বিচার হয়নি, এই হত্যাকাণ্ডেরও কোনো বিচার হবে না৷ র৵াব প্রসঙ্গে তিনি বলেন, শুধু র৵াব বিলুপ্ত করলে হবে না, এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমূল সংস্কারের প্রয়োজন৷
নিউ এজ পত্রিকার প্রকাশক শহিদুল্লাহ খান বলেন, যেখানে প্রধানমন্ত্রীকে বলতে হয় বিচার হবে, সেখানে সন্দেহ তো থাকবেই৷ সাত খুন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়৷ প্রচুর গুম-খুন হচ্ছে, যার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে৷
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, র৵াবের কর্মকর্তাদের গ্রেপ্তার নিয়ে যে দীর্ঘসূত্রতা দেখা গেছে, তাতে সন্দেহ থাকবেই৷
ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে বক্তারা বলেন, সরকার পরিবর্তনের ফলে ভারতে অনেক পরিবর্তন এলেও বিদেশনীতিতে পরিবর্তন কম দেখা যায়৷ গওহর রিজভী বলেন, কংগ্রেস সরকারকে একটি জোটের ওপর নির্ভর করতে হতো বলে অনেক সিদ্ধান্ত নিতে মনমোহন সিংয়ের সমস্যা হয়েছে৷ বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নরেন্দ্র মোদিকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে৷
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, অতীতেও ভারতের অনেক রাজনীতিবিদ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে কথা বলেছেন, কিন্তু তাঁরা নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এগুলো বলেননি৷ এমনকি ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কি না, এ নিয়ে কোনো জরিপও হয়নি৷
তবে বাংলাদেশে গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে কংগ্রেস সরকার যেভাবে সমর্থন দিয়েছে, বিজেপি সরকার সেভাবে সমর্থন দেবে কি না, এ প্রসঙ্গে শমসের মবিন বলেন, ভারতে একটি গণতান্ত্রিক সরকার বিপুলসংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করছে৷ কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের ম্যান্ডেট নেই৷ এই বৈষম্যের ভিত্তিতে দুই দেশের সরকারের সম্পর্ক টেকসই হবে কি না সেটা দেখার বিষয়৷ তারা বাংলাদেশে আগাম নির্বাচন চাইবে কি না, তা বলা মুশকিল৷ কিন্তু একই রকম গণতান্ত্রিক সরকার বাংলাদেশে থাকুক, সেটা তারা চায়৷
তবে গওহর রিজভী মনে করেন, বর্তমান সরকারকে কংগ্রেস যেভাবে সমর্থন দিয়েছে, বিজেপিও সেভাবেই সমর্থন দেবে৷ শহিদুল্লাহ খান বলেন, বিজেপি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারে এসেছে, বিতর্কিত নির্বাচনের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও হতে পারে৷