সাত গাছ কেটে আসামি, ৫০ গাছে জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতটি গাছ কাটার অভিযোগে করা এক মামলায় এক আসামিকে নিজ খরচে ৫০টি গাছ লাগানোর নির্দেশ দিয়ে জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সাতক্ষীরার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বিশ্বাসের জামিন মঞ্জুর করে সংশ্লিষ্ট এলাকায় নিজ খরচে ৫০টি মেহগনি ও সেগুনগাছ লাগানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গাছ লাগানোর বিষয়টি হলফনামার মাধ্যমে আদালতে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) গাছ লাগানোর বিষয়টি জানাতে বলেছেন আদালত।

বেআইনিভাবে অস্ত্রসহ সজ্জিত হয়ে পথরোধ করে গাছ কেটে ক্ষতিসাধন, চুরিতে সহায়তা ও অন্তর্ঘাতমূলক অপরাধের অভিযোগে গত বছরের ৮ মার্চ সাতক্ষীরা জেলা পরিষদের সার্ভেয়ার ওই চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ৩ ও ৪ মার্চ এ ঘটনা ঘটে। আসামিরা মেহগনি, সেগুন, বাবলা, রেইনট্রিসহ আনুমানিক সাতটি গাছ কেটে অন্তর্ঘাতমূলক কাজ করেছেন। আবাদেরহাট থেকে রাজাপুর রাস্তার উভয় পাশে সরকারি এসব কাছ কাটা হয়। ওই গাছের মূল্য প্রায় চার হাজার টাকা।

মামলায় গত বছরের ৯ সেপ্টেম্বর আবদুল মজিদ বিশ্বাস গ্রেপ্তার হন। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। আজ ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ ওয়াহাব। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ ও আসাদুজ্জামান।

পরে মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, সাতটি গাছ কাটার বদলে নিজ খরচে ৫০টি গাছ লাগাতে নির্দেশ দিয়ে আদালত মজিদের জামিন মঞ্জুর করেছেন।