সাত গুণ বেশি দামে বেগুন বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাত্র কয়েক দিনের ব্যবধানে বেগুনের দাম সাত গুণ বেড়েছে। অল্প কদিন আগেও প্রতি কেজি বেগুনের দাম ছিল আট থেকে ১০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। রমজানে বেগুনের চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা এই দাম বাড়িয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।উপজেলার জয়পুর গ্রামের আবদুল মোতালেব বলেন, এত দিন সস্তায় বেগুন বিক্রি হতো। রমজান শুরু হওয়ার পর বেগুনের দাম এতটা বাড়া বেড়েছে যে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বেগুনের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।দাম বাড়ার কারণ হিসেবে ঈশ্বরগঞ্জ সদর কাঁচাবাজারের ব্যবসায়ী নুরুল আমিন বলেন, শ্রাবণের টানা বর্ষণের কারণে বেগুনের আমদানি কম। কিন্তু রমজানের কারণে চাহিদা বেড়েছে। এ কারণেই বেগুনের দাম আকাশ ছুঁয়েছে। এতে তাঁদের কিছুই করার নেই।