কুমিল্লা শিক্ষা বোর্ডের সুবর্ণজয়ন্তী উৎসব শেষ
সাত গুণীজন ও ৭০ মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীকে সম্মাননা
কুমিল্লা শিক্ষা বোর্ডের সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী দিনে সাত কৃতী সন্তান ও বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন মুক্তিযোদ্ধা শিক্ষক ও কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রোববার বোর্ড প্রাঙ্গণে তাঁদের সম্মাননা জানানো হয়।সন্ধ্যায় বরেণ্য শিল্পী সুবীর নন্দী ও কনকচাঁপা সংগীত পরিবেশন করেন। এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী উৎসব শেষ হয়।জানা যায়, গতকাল বেলা একটার দিকে বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাসের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠান হয়। প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি মো. ওয়াহিদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডার সফিউল আহমেদ, চাঁদপুরের কমান্ডার আবদুল ওয়াদুদ, ফেনীর কমান্ডার আবদুল হান্নান ও কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান ও অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক কাজী আবুল বাশার। প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মাননা জানিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড খুবই ভালো কাজ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারে মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের একমাত্র মুক্তিযোদ্ধা কর্মচারী নায়েব আলী সর্দারকে সম্মাননা জানানো হয়। তাঁর পক্ষে সম্মাননা ক্রেস্ট নেন ছেলে জয়নাল আবেদীন।বিকেল সাড়ে চারটার দিকে বোর্ড প্রাঙ্গণে সাত গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। এই সাত গুণীজন হলেন: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষাসৈনিক আবদুস সালাম, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, শহীদ লেফটেন্যান্ট আনোয়ার হোসেন বীর উত্তম, কুমিল্লার সাবেক জেলা প্রশাসক শহীদ এ কে এম শামসুল হক খান, সাবেক জেলা পুলিশ সুপার শহীদ মুন্সী কবির উদ্দিন ও নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরী। তাঁদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ উপস্থিত ছিলেন।