সাত গ্রামে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতটি গ্রামে ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় গ্রামের বাসিন্দারা লাঠি-বাঁশি নিয়ে রাতভর বাড়িঘরের সামনে ও সড়কে পাহারা দিচ্ছে।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া, ভারগাঁও, আদমপুর, খিদিরপুর, মুন্দিপাড়া, চৌরাপাড়া ও দরগাবাড়ি গ্রামে গত ১৫ দিনে কমপক্ষে ১২টি ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়িঘরের মূল্যবান সামগ্রী ও টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেওয়ায় গ্রামের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, গ্রামগুলোতে ডাকাত দল হানা দিলেও পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছে না এলাকাবাসী। যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তাদের কোনো মামলাও নেয়নি পুলিশ।
৭ ফেব্রুয়ারি কাজীপাড়া গ্রামের জামান ভুইয়া, ১১ ফেব্রুয়ারি খিদিরপুর গ্রামের নোয়াব হোসেন, ১২ ফেব্রুয়ারি আদমপুর গ্রামের কবির হোসেন ও ১৫ ফেব্রুয়ারি ভারগাঁও গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জামান ভুইয়া বলেন, ‘মুখোশধারী ডাকাত দল পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। আমরা পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছি না। ডাকাত-আতঙ্কে এখন আমরা রাত জেগে পাহারা দিচ্ছি।’
সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ ডাকাত-আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে। বিষয়টি আমি পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাইনি। ডাকাত দলের কোনো সদস্যকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এমনকি গ্রামগুলোতে পুলিশের কোনো অভিযানও দেখতে পাচ্ছি না।’
গতকাল শনিবার সাদিপুর ইউনিয়নের অন্তত চারটি গ্রামে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ। এর মধ্যেই তারা পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারগাঁও গ্রামের রফিকুল ইসলাম ও কাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘ডাকাত-আতঙ্কে গ্রামের নারী-পুরুষ রাত জেগে পাহারা দেয়। দিনের বেলা তারা ঘুমায়। জীবনে কোনো দিন আমরা এ ধরনের সমস্যায় পড়িনি।’ তাঁরাও অভিযোগ করেন, ডাকাতি রোধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সার্বিক বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বলেন, ‘সোনারগাঁয়ের যেসব গ্রামে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে সেসব গ্রামে পুলিশের তল্লাশি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, এ ধরনের সমস্যা আর থাকবে না।’