মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরাঞ্চলের কৃত্রিম জলাবদ্ধতা নিরসনসহ সাত দফা দাবিতে সভা-সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল রোববার রাজনগরের সাতটি গ্রামের মানুষের উদ্যোগে সমাবেশ হয়েছে। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে মনু নদ প্রকল্পের কাশিমপুরে স্থাপিত পাম্পহাউসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে সার্বক্ষণিক চালু রাখা, বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মনু, কুশিয়ারাসহ সব নদী-খাল খনন করা, ক্ষতিগ্রস্ত সব কৃষককে ক্ষতিপূরণ প্রদান, বিনা শর্তে কৃষকদের ঋণ প্রদান এবং জলাবদ্ধতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরাঞ্চলের কৃত্রিম জলাবদ্ধতা নিরসনসহ সাত দফা দাবিতে গতকাল রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাজনগর সদর, পাঁচগাঁও ও মুন্সীবাজার ইউনিয়নের সাত গ্রামের মানুষের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রামগুলো হচ্ছে—বালিগাঁও, দুগাঁও, বাগাজুরা, আলীচরগাঁও, খরিদপুর, মুরালি ও বাঙালিয়া। পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য এলাইছ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল মিয়া, বালিগাঁও গ্রামের আতাউর রহমান, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সমন্বয়ক মামুনুর রশীদ সোহেল, মুরালির জবান মিয়া, দুগাঁওয়ের ময়না মিয়া, খরিদপুরের সিরাজ মিয়া, বালিগাঁওয়ের রফিক মিয়া প্রমুখ। সভায় আছকান মিয়াকে আহ্বায়ক, জবান মিয়া, ময়না মিয়া ও সিরাজ মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং আতাউর রহমানকে সদস্য-সচিব করে হাওর কাওয়াদিঘির জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির মুন্সীবাজার আঞ্চলিক শাখা গঠন করা হয়েছে। কমিটির উদ্যোগে কাল মঙ্গলবার বিকেলে রাজনগর উপজেলার মুন্সীবাজারে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।