সাত ঘণ্টা কাজ বন্ধ, গ্রাহকদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে চুক্তিভিত্তিক কাজে নিয়োগ করা আইরিশ জেভি কোম্পানির আই পিপল প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক শামীম হোসেনের জামিনের দাবিতে গতকাল সোমবার সাত ঘণ্টা পাসপোর্ট-সংক্রান্ত সব কাজ বন্ধ রাখা হয়। পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আকস্মিকভাবে কাজ বন্ধ করে দেওয়ায় গ্রাহকেরা চরম ভোগান্তির শিকার হন। বিভাগের বিভিন্ন জেলা থেকে পাসপোর্ট-সংক্রান্ত কাজে আসা প্রায় তিন শতাধিক ব্যক্তি ফিরে যেতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে পাসপোর্ট কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনস্টেবল মিরাজ আলীর সঙ্গে ওই প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক শামীম হোসেনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শামীম কনস্টেবল মিরাজকে থাপড় মারেন। এ ঘটনায় পুলিশের অন্য সদস্যরা এগিয়ে এসে শামীমকে বেদম মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় কনস্টেবল মিরাজ বাদী হয়ে পুলিশকে মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই দিন রাতেই শামীমকে গ্রেপ্তার করে গতকাল সকালে তাঁকে যশোর আমলী আদালত ‘ক’ অঞ্চলে পাঠানো হয়। গতকাল সকাল থেকেই শামীমের জামিনের দাবিতে পাসপোর্ট কার্যালয়ের চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত ওই কোম্পানির কর্মচারীরা কম্পিউটারের সার্ভার বন্ধ করে ডাটা এন্ট্রি ও গ্রাহকদের ছবি তোলাসহ পাসপোর্ট-সংক্রান্ত সব কাজ বন্ধ করে দেন। কাজ বন্ধ রাখা এবং গ্রাহকদের ভোগান্তির বিষয়টি নিশ্চিত করে পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম হোসেন বলেন, শামীমের জামিন হওয়ার পর বেলা সাড়ে তিনটা থেকে আবার কাজ শুরু হয়। যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিছুর রহমান বলেন, পুলিশকে মারধরের ঘটনায় করা মামলায় শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়।