সাত ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রামে ট্রেন চলাচল শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে ঢাকামুখী রেল চলাচল স্বাভাবিক হয়।
উপজেলার যাত্রাপুর এলাকায় মালবাহী ট্রেনটি আজ রোববার দুর্ঘটনায় পড়ে।
এ ঘটনায় চালক রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হলে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও আজমপুর রেলস্টেশন, আখাউড়া রেলওয়ে জংশন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ও ভৈরব রেলস্টেশনে নয়টি ট্রেন আটকে পড়ে।
রেলওয়ের প্রকৌশলী আরমান হোসেন জানান, ম্যাক্স গ্রুপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দুই মাস ধরে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের পুরোনো রেললাইন বদলে নতুন লাইন নির্মাণের কাজ করছে। প্রতিদিন সকাল ৯টা পর্যন্ত এ কাজ করা হয়। আজও সকাল ৯টার পরও যাত্রাপুর এলাকায় লাল নিশান টানিয়ে ম্যাক্স গ্রুপের ১৫০ নির্মাণশ্রমিক কাজ করছিলেন। বেলা ১১টার দিকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি নির্মাণাধীন রেললাইনে চলে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয় ও ট্রেনের চালক মাথায় আঘাত পান।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া রেলস্টেশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এনামুল হক সন্ধ্যা সাড়ে ছয়টায় মুঠোফোনে বলেন, খবর পেয়ে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা ছয়টার দিকে শুধু আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনের চালক রফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সবুজসংকেত পেয়ে আশুগঞ্জ স্টেশন পার হওয়ার পর পরই লাল নিশানা দেখা যায়। কিন্তু ততক্ষণে ট্রেনটি ওই লাল নিশানার অনেক কাছে চলে যায়। লাল নিশানার পরই রেললাইন এলোমেলো ছিল। যে কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় সেখানে কর্মরত ম্যাক্স গ্রুপের শ্রমিকেরা তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, শ্রমিকেরা কাজ শেষ করে স্টেশন ও সংকেত (সিগনাল) বিভাগকে জানান। সে অনুযায়ী মালবাহী ট্রেনকে সবুজসংকেত দেওয়া হয়।
ম্যাক্স গ্রুপের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, দুই মাস ধরে প্রতিদিন ট্রেনের অফ টাইমে (সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত) ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের পুরোনো রেললাইনের স্থলে নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। আজ রোববার নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে লাল নিশানা টানিয়ে কাজ করা হচ্ছিল। কিন্তু চালক তা খেয়াল না করায় দুর্ঘটনা ঘটে। তবে তিনি চালককে ঢিল ছোড়ার বিষয়টি অস্বীকার করেন।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা বিভাগীয় পরিবহন পরিদর্শক মাহবুবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।