সাত ঘণ্টা পর ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ কোটি টাকার বকেয়া বিল আদায়ে বগুড়া পৌরসভায় গত সোমবার সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রথম দিনে পৌর ভবন, পানির পাম্প ও বিভিন্ন এলাকার সড়কবাতির ৩৬টি সংযোগ কেটে দেয়। তবে জেলা প্রশাসকের মধ্যস্থতায় বৈঠক শেষে সন্ধ্যা সাতটার দিকে আবার এসব সংযোগ চালু করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার মধ্যে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে পানির সংকটে পড়েন প্রায় ৬ হাজার গ্রাহক। এ ঘটনায় শহরের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পবিত্র রমজান মাস ও ঈদের আগে বিদ্যুৎ-পানি বন্ধ করে দেওয়ায় তাঁরা পিডিবির কঠোর সমালোচনা করেন। এই প্রেক্ষাপটে বিকেলে জেলা প্রশাসকের মধ্যস্থতায় তাঁর কার্যালয়ে পিডিবির প্রকৌশলীদের সঙ্গে পৌরসভার মেয়র-কাউন্সিলরদের বৈঠক হয়। পৌর কর্তৃপক্ষ একসঙ্গে ১৭ কোটি টাকার এ বিল পরিশোধে অপারগতা প্রকাশ করে। একপর্যায়ে গতকাল মঙ্গলবারের মধ্যে এককালীন কিছু টাকা পরিশোধ ও প্রতি মাসে ১২ লাখ টাকা করে কিস্তিতে বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যার মধ্যে বিচ্ছিন্ন করা সবগুলো সংযোগ আবার চালু করা হয়।
পৌরসভার মেয়র মাহবুবুর রহমান বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।