চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) সহ-উপাচার্য (প্রো-ভিসি) এ এইচ এম ইসহাক চৌধুরী প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আজ শনিবার বেলা তিনটার দিকে মুক্ত হয়েছেন।
বিভিন্ন দাবি দাওয়ার মুখে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা সকাল সাড়ে আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত সহ-উপাচার্যকে তাঁর কক্ষে অবরোধ করে রাখেন। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে এক ঘণ্টা নগরের ফয়’স লেক এলাকার ক্যাম্পাসের সামনের সড়কও অবরোধ করে রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কাজী আরাফাত প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষ জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতাখারুল ইসলামের সঙ্গে বেলা তিনটায় তাঁদের বৈঠক হয়। তিনি আইইবির সদস্যপদের বিষয়টি ছাড়া তাঁদের বাকি দাবিগুলো এক সপ্তাহের মধ্যে পূরণের আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমরা আলোচনায় বসার শুরুতেই সহ-উপাচার্যের কক্ষ থেকে অবরোধ তুলে নিয়েছি।’ তবে এক সপ্তাহ পর্যন্ত পরীক্ষা ও ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাজী আরাফাত। তিনি আরও জানান, আইইবির সদস্যপদের বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে লবিস্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।
শিক্ষার্থীদের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে স্থায়ী উপাচার্য ও বিভাগীয় ডিন নিয়োগ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সদস্যপদ গ্রহণ, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক পদে স্থায়ী শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন বাড়ানো, ল্যাব-সুবিধা বাড়ানো, ক্যাম্পাসে পানি ও বিদ্যুতের সমস্যার সমাধান, ক্যানটিনের ব্যবস্থা, গ্রন্থাগারের আসন বৃদ্ধি, টিউশন ফি কমানো প্রভৃতি।
আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর আগেও দাবি-দাওয়া জানিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। দাবি পূরণে কর্তৃপক্ষ পাঁচ মাস সময় চেয়েছিল। আজ সে সময় শেষ হয়। শিক্ষার্থীরা প্রতিবাদ হিসেবে আজ অনুষদের সম্পূরক (সাপ্লিমিন্টারি) পরীক্ষা ও ক্লাস বর্জন করেন।
আজ সকালে অবরুদ্ধ ইউএসটিসির সহ-উপাচার্য এ এইচ এম ইসহাক চৌধুরী শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক স্বীকার করে প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুর পর প্রশাসনিক কাজকর্ম গুছিয়ে নিতে সময় লেগেছে বলে এসব দাবি পূরণ সম্ভব হয়নি। আজ বিকেলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি পূরণের চেষ্টা করব।’
তবে অবরোধ তুলে নেওয়ার পর বিকেলে সহ-উপাচার্যের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে জানা গেছে, তিনি ওই সময় একটি বৈঠকে ব্যস্ত ছিলেন।