চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) সহ-উপাচার্য এ এইচ এম ইসহাক চৌধুরী প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গতকাল শনিবার বেলা তিনটার দিকে মুক্ত হয়েছেন।
বিভিন্ন দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা সকাল সাড়ে আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত সহ-উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরোধ করে রাখেন। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে এক ঘণ্টা নগরের ফয়’স লেক এলাকার ক্যাম্পাসের সামনের সড়কও অবরোধ করে রাখেন। তাঁরা পরীক্ষা-ক্লাসও বর্জন করেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টি জনসেবা ফাউন্ডেশনের মালিকানাধীন। জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতাখারুল ইসলামের সঙ্গে বেলা তিনটায় শিক্ষার্থীদের বৈঠক হয়েছে। ওই বৈঠকে চেয়ারম্যান আইইবির সদস্যপদের বিষয়টি ছাড়া বাকি দাবিগুলো এক সপ্তাহের মধ্যে পূরণের আশ্বাস দেন। বৈঠকের শুরুতে সহ-উপাচার্যের কক্ষ থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
তবে এই এক সপ্তাহ পরীক্ষা ও ক্লাস বর্জন থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা জানান, আইইবির সদস্যপদের বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লবিস্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।
সকালে ইউএসটিসি ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সহ-উপাচার্যের কার্যালয় ঘিরে রেখেছেন। তাঁরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ সময় ফারহানা নাজনীন নামের এক শিক্ষার্থী অভিযোগ করেন, ‘সবখানেই একজন অভিভাবক দরকার। কিন্তু আমাদের সেই অভিভাবক অতিথি ডিন (গেস্ট ডিন) সপ্তাহে মাত্র দুই দিন ক্যাম্পাসে আসেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইইবির সদস্যপদ না থাকায় আমরা পড়াশোনা শেষ করেও প্রকৌশলী হিসেবে অনেক সুবিধা থেকে বঞ্চিত হব। ‘প্রকৌশলী’ পদবিটি ব্যবহার করতে পারব না।’
সাকিফুল আলম নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ইটিই, ট্রিপল ই এবং সিএসই বিভাগে কোনো প্রধান নেই। ফলে আমাদের কাজের ভালোমন্দ বিচার এবং কাজের উৎসাহ দেওয়ার মতো কেউ নেই। আমাদের নিজেদেরই নিজেদের মূল্যায়ন করতে হয়।’
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর আগেও দাবিদাওয়া জানিয়ে লিখিত অভিযোগ করেছেন। দাবি পূরণে কর্তৃপক্ষ পাঁচ মাস সময় চেয়েছিল। আজ (শনিবার) সেই সময়সীমা শেষ হয়েছে।
জানতে চাইলে ইউএসটিসির সহ-উপাচার্য প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুর পর প্রশাসনিক কাজকর্ম গুছিয়ে নিতে সময় লেগেছে বলে শিক্ষার্থীদের দাবি পূরণ সম্ভব হয়নি।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: স্থায়ী উপাচার্য ও বিভাগীয় ডিন নিয়োগ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সদস্যপদ গ্রহণ, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক পদে স্থায়ী শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন ও ল্যাব-সুবিধা বাড়ানো, ক্যাম্পাসে পানি ও বিদ্যুতের সমস্যার সমাধান, ক্যানটিনের ব্যবস্থা, গ্রন্থাগারের আসন বৃদ্ধি ও টিউশন ফি কমানো।