সাত ঘণ্টা সাঁতরে ৪২ কিলোমিটার, স্বপ্ন তাঁর গিনেস রেকর্ডের
নদীপথে টানা প্রায় সাত ঘণ্টা সাঁতার কাটলেন বকুল সিদ্দিকী। আজ মঙ্গলবার ভোর পাঁচটায় শুরু করেছিলেন কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে। শেষ করেন নরসিংদীর রায়পুরার মণিপুরা খেয়াঘাটে এসে। তখন দুপুর প্রায় ১২টা। একটানা প্রায় ৪২ কিলোমিটার নদীপথ সাঁতরে পাড়ি দেওয়া এই মধ্যবয়সী ব্যক্তির স্বপ্ন আরও অনেক বড়। নদীপথে টানা সাঁতার কাটার রেকর্ড ভেঙে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম ওঠাতে চান তিনি।
বকুল সিদ্দিকী (৪৫) পেশায় একজন পল্লিচিকিৎসক। শখের বশে তিনি সাঁতারু হয়েছেন। বাড়ি নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিল্লা গ্রামে। এর আগেও জেলা ও জেলার বাইরে বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন বকুল।
মঙ্গলবারের সাঁতার শেষে বকুল সিদ্দিকী বলেন, ‘এখন পর্যন্ত নদীপথে টানা ৪৮ ঘণ্টা সাঁতার কাটার রেকর্ড আছে। আমার স্বপ্ন ওই রেকর্ড ভেঙে গিনেস বুকে নাম লেখানো। এ জন্য প্রস্তুতির অংশ হিসেবে আমি ঘোষণা দিয়ে নদীপথে সাঁতার কাটি। এবারের বর্ষায় নদীনালায় পানির পরিমাণ কম। তাই আরও বড় পরিসরে সাঁতার কাটতে পারলাম না। ভবিষ্যতে নরসিংদী থেকে নদীপথে সাঁতার কেটে রাজধানী ঢাকায় যাওয়ার ইচ্ছা আছে।’
ছোটবেলা থেকেই কমবেশি সাঁতার কাটেন বকুল সিদ্দিকী। তবে সাঁতারু হওয়ার নেশাটা তাঁকে পেয়ে বসে ১৯৯৫ সালে। ওই সময়ে তিনি থাইল্যান্ড সীমান্ত থেকে মালয়েশিয়া পর্যন্ত সাঁতার কাটেন। সমুদ্রপথে ওই সাঁতার ছিল প্রায় ১৮ কিলোমিটারের। সেই থেকে তিনি নিয়মিত সাঁতারে যুক্ত আছেন। সাঁতার কাটতে গিয়ে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি তাঁকে। গত বছর এক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন বকুল। রায়পুরা উপজেলার চর আড়ালিয়া থেকে নরসিংদী শহরের ইউএমসি জুট মিল পর্যন্ত সাঁতার কেটেছিলেন। ১৫ কিলোমিটারের ওই সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে এক লাখ টাকা পুরস্কারও পান তিনি।
বকুল সিদ্দিকী মঙ্গলবার নদীপথে টানা সাঁতারে নামছেন, বিষয়টি অনেকেই জেনে যান। ভোরবেলা কিশোরগঞ্জের ভৈরব ব্রিজের কাছে ভিড় জমায় উৎসুক জনতা। তাদের মধ্যে কেউ কেউ ট্রলার ভাড়া করে নদীতে নেমে পড়ে। এভাবে কয়েকটি ট্রলার বকুলের সঙ্গে গন্তব্য মণিপুরা খেয়াঘাট পর্যন্ত পৌঁছায়। সেখানে এই সাঁতারুকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল কয়েক শ মানুষ। খেয়াঘাট এলাকায় তিনি পৌঁছাতেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। করতালি দিয়ে অপেক্ষমাণ মানুষ বকুলকে স্বাগত জানায়।
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘বকুল সিদ্দিকীকে নিয়ে এলাকার সবাই গর্ব করেন। তাঁর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানোর স্বপ্ন এক দিন পূরণ হবে, এটা আমরা বিশ্বাস করি।’