সাত ঘণ্টার ব্যবধানে অর্ধকোটি টাকার কাপড় হাওয়া
বেলা একটায় শুল্ক কর্মকর্তারা কনটেইনার খুলে আমদানি পণ্যের কায়িক পরীক্ষা শেষ করেন। দালিলিক কাজ শেষ
করে আমদানিকারকের প্রতিনিধি রাত আটটায় পণ্য খালাস নিতে গিয়ে দেখেন, কনটেইনারের দুই-তৃতীয়াংশ পণ্য উধাও হয়ে গেছে।
গত সোমবার বন্দরের জে আর ইয়ার্ডে এ ঘটনা ঘটেছে। উধাও হওয়া আমদানি পণ্য ওনার্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানের। বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলা করেছেন আমদানিকারকের প্রতিনিধি। অন্যদিকে বন্দরের পরিবহন
বিভাগ একজন সহকারী টার্মিনাল ব্যবস্থাপককে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে৷ কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বন্দর বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।’
কাস্টম হাউস ও বন্দর সূত্র জানায়, চীন থেকে এক লাখ ২০ হাজার ডলার মূল্যের ৫০০ বেল জিনসের কাপড় আমদানি করে ওনার্স গ্রুপ৷ গত সোমবার দুপুরে শুল্ক বিভাগ কনটেইনার খুলে পণ্য যাচাই-বাছাই করে। কায়িক পরীক্ষা শেষে কনটেইনার তালাবদ্ধ করে চলে যান আমদানিকারকের প্রতিনিধি। রাত আটটায় কনটেইনার খুলে কাভার্ড ভ্যানে পণ্য নেওয়ার সময় আমদানিকারকের প্রতিনিধি দেখতে পান, কনটেইনারের তালা ভাঙা। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের আনুমানিক ৩০০ বেল কাপড় নেই কনটেইনারে।
আমদানিকারকের প্রতিনিধি মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাত আটটায় পণ্য খালাস নিতে গিয়ে দেখি, কনটেইনারের দুই-তৃতীয়াংশ পণ্য নেই।’