চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বিলবোর্ড উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে ৪০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। গত শুক্রবার রাত আটটা থেকে তিনটা পর্যন্ত সাত ঘণ্টায় এসব বিলবোর্ড অপসারণ করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের দেওয়ানহাট, ইস্পাহানী মোড়, দুই নম্বর গেট ও অক্সিজেন মোড়ের আশপাশের এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রথম দিন গত বৃহস্পতিবার রাতে ১২টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছিল। শুক্রবার রাতসহ এ নিয়ে দুই দিনে মোট ৫২টি বিলবোর্ড উচ্ছেদ করা হলো। দিনের বেলায় যানজটসহ মানুষের ভোগান্তি কমাতে রাতে এই অভিযান চলছে বলে সিটি করপোরেশন জানায়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, দুই দিনে ৫২টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। শনিবার রাতেও উচ্ছেদ অভিযান চালানো হবে। এই অভিযান অব্যাহত থাকবে।
গত শুক্রবার রাত ১১টায় দেওয়ানহাট এলাকায় দেখা যায়, দেওয়ানহাট মোড়ের পাশে সড়ক বিভাজকের ওপর থেকে ক্রেনের সাহায্যে একটি বড় বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। এ সময় সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়। তবে রাতের বেলায় যান চলাচল কম থাকায় যানজট হয়নি। রাত সোয়া ১১টায় ইস্পাহানী মোড়ে দেখা যায়, ইস্পাহানী থেকে টাইগারপাসমুখী সড়ক বিভাজকের ওপর থেকে একটি বিলবোর্ড অপসারণের কাজ চলছে। উচ্ছেদ অভিযানে নগর পুলিশের সদস্য ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন জানায়, গত বছরের ১ জুন অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছিল সিটি করপোরেশন। প্রায় এক মাসব্যাপী ওই অভিযানে ছোট-বড় ২৮৩টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছিল।