সাত চিকিৎসককে কারণ দর্শানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যথাসময়ে কর্মক্ষেত্রে উপস্থিত না থাকায় গতকাল মঙ্গলবার ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক লোকমান উদ্দিন আজাদ তাঁদের এ নির্দেশ দেন।
ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক লোকমান উদ্দিন গতকাল দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই সাত চিকিৎসককে কর্মস্থলে পাননি। তখন তাৎক্ষণিকভাবে তিনি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেন। তবে পরিচালক চলে যাওয়ার পর অনেক চিকিৎসকই কর্মস্থলে এসে হাজির হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে মোট ২৪ জন চিকিৎসা কর্মকর্তা কর্মরত আছেন। তাঁদের মধ্যে চারজন রয়েছেন ছুটিতে। গতকাল দুপুর ১২টায়ও বাকি ২০ চিকিৎসকের মধ্যে সাতজন অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় ক্ষুব্ধ স্বাস্থ্য পরিচালক তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেন।