সাত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ
সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে বিনা ছুটিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে জয়পুরহাটে সাতজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের এপ্রিল মাসের বেতন-ভাতা বন্ধ রাখারও আদেশ দিয়েছেন সিভিল সার্জন।জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সাতজন চিকিৎসক হলেন জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন রাশেদ আহম্মেদ, মোহসিনা রহমান ও তানভীর রহমান; একই উপজেলার জামালগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন; সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন মোমিনুর রশিদ; কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন সাহারা আখতার এবং পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের লক্ষ্মী রানী কুণ্ডু। এর মধ্যে জামালগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন বাদে অন্য ছয়জনই বর্তমান সরকারের আমলে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া। ১৯ ও ২০ এপ্রিল জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোজাম্মেল হক তাঁদের কারণ দর্শাতে বলেছেন। পাশাপাশি তিনি চলতি এপ্রিল মাসের বেতন বন্ধ রাখার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে নিজ নিজ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছেন।কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন সাহারা আখতার ১৩ এপ্রিল থেকে এবং আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তানভীর রহমান, মোহসিনা রহমান ও রাশেদ আহম্মেদ ১২ এপ্রিল থেকে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জামালগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন ৭ এপ্রিল থেকে এবং বম্বু ইউনিয়ন স্বাস্থ্য পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন মোমিনুর রশিদ ১৯ এপ্রিল কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মোমিনুর রশিদকে গত বছর তিনবার এবং এ বছর একবার সতর্ক করা হয়। পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন লক্ষ্মী রানী কুণ্ডু গত জানুয়ারি মাস থেকে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ‘কর্মস্থলে উপস্থিতি না পেয়ে তাঁদের কারণ দর্শানোর পাশাপাশি চলতি এপ্রিল মাসের বেতন-ভাতা বন্ধ রাখার সুপারিশ করেছি। স্বাস্থ্য অধিদপ্তরসহ (ডিজি) সংশ্লিষ্ট বিভাগে এর অনুলিপি পাঠিয়েছি। লক্ষ্মী রানী কুণ্ডুকে একাধিকবার কারণ দর্শানো হলেও তিনি এর কোনো জবাব দেননি।’