র্যাগ দেওয়া নিয়ে সংঘর্ষ, মারামারিসহ পৃথক তিনটি ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাত ছাত্রকে সাময়িক বহিষ্কারসহ ৬৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ৫৮ জন বর্তমানে পড়াশোনা করছেন। পাঁচজন প্রাক্তন শিক্ষার্থী, দুজন বহিরাগত। গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি বিভিন্ন অনুষদের তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের র্যাগ দেয়। ২৩ ফেব্রুয়ারি শেরেবাংলা আবাসিক হল-২-এর ১০৬ নম্বর কক্ষে এক ছাত্রকে র্যাগ দেওয়া হয়। এ নিয়ে পৃথক সংঘর্ষ ও মারামারির ঘটনায় অনেক ছাত্র গুরুতর আহত হন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ছুটির সময় বহিরাগতদের নিয়ে কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। এসব ঘটনায় ছাত্রশৃঙ্খলা বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
শাস্তি পাওয়া ছাত্রদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ সেমিস্টারের ছাত্র মাজেদুল হক খানকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। বিবিএর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সোহাগ খান, কৃষি অনুষদের চতুর্থ সেমিস্টারের ছাত্র আমজাদ হোসেন ও মো. আল-আমিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শাকিল ও চতুর্থ সেমিস্টারের তাজবির আহাদ তাজ এবং মাৎস্য অনুষদের চতুর্থ সেমিস্টারের ছাত্র মেহেদী হাসানকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। অপর ৫১ জন ছাত্রকে তিন হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জরিমানা, ছাত্রাবাস থেকে বহিষ্কার, মুচলেকা, সতর্কীকরণ এবং প্রত্যেকের অভিভাবককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রাক্তন পাঁচজন ছাত্রের মধ্যে চারজনের সার্টিফিকেট কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। একজন প্রাক্তন ছাত্র ও দুজন বহিরাগতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। দুপুর দেড়টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে জয়বাংলা পাদদেশে সমাবেশ করা হয়।