সাত ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাইদুর রহমান ওরফে হৃদয় গাজী হত্যা মামলায় সাত ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গত মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহম্মেদ সদর আদালতের সরকারি নিবন্ধক (জিআরও) প্রদীপ কুমার দের কাছে অভিযোগপত্রটি জমা দেন। জানতে চাইলে প্রদীপ কুমার বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন।
ওই সাত ছাত্র হলো নগরের কাজীপাড়ার বাসিন্দা মো. মোশারেফ খানের ছেলে মো. মুরাদ খান (১৬), পশ্চিম বগুড়া রোডের বাসিন্দা সানাউল হক মীরের ছেলে মো. সাইদ আবেদীন আবদুল্লাহ ওরফে রাহাত (১৭), আবুল হোসেন গাজীর ছেলে মো. গোলাম রাব্বি (১৬), বিএম স্কুল সড়কের প্রথম গলির বাসিন্দা সৈয়দ আহসান হাবিবের ছেলে মো. ইয়াসিন শান্ত (১৭), মো. আনিচুর রহমানের ছেলে মো. রাজু হোসেন মাঝি (১৬), মো. ইসমাইল সিকদারের ছেলে মো. ইমন সিকদার (১৭) ও মো. কবিরউদ্দিনের ছেলে মো. নুরুন্নবী নাহিদ (১৬)। এরা সবাই বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। কিন্তু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীকে কটূক্তি করলে হৃদয় গাজী এর প্রতিবাদ করে। বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাহাত এতে ক্ষুব্ধ হয়। এ ছাড়া হৃদয় ও রাহাত একটি মেয়েকে পছন্দ করত। এসব ঘটনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে চলতি বছরের ২৮ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে হৃদয় বিদ্যালয়ে যাওয়ার পথে রাহাত বন্ধুদের নিয়ে হামলা চালায়। হৃদয়ের বুকে-পিঠে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদয় মারা যায়।
হৃদয় খুন হওয়ার ঘটনায় ওই দিনই তার বাবা মো. শাহীন গাজী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এই সাত ছাত্রকে গ্রেপ্তার করে যশোর কিশোর সংশোধনাগারে পাঠায়।