সাত ছিনতাইকারী গ্রেপ্তার, গাড়ি উদ্ধার
রাজধানীর মগবাজার ও সাভারের আমিনবাজার থেকে গত বৃহস্পতিবার সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক এ দুই অভিযানে ছিনতাই হওয়া দুটি গাড়ি, অস্ত্র, মুঠোফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।ডিবির সূত্র জানায়, অতিরিক্ত উপকমিশনার মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল বৃহস্পতিবার সকালে মগবাজারে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য গিয়াসউদ্দিন (২৫), আল আমিন (২৫), আনোয়ারুল (৩০), রুবেলকে (২০) ও মাহমুদুল হাসানকে (১৮) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি গাড়ি, দুটি পিস্তল, চারটি ধারালো অস্ত্র ও ৩৫টি মুঠোফোন, সোনা ও হীরার আংটি, চেইন ও কানের দুলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা কিছুদিন আগে ধানমন্ডি, বনানী থেকে ওই গাড়ি ও মালামাল ছিনিয়ে নিয়েছিল।একই দিন ডিবির একই দল আমিনবাজারে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য আশরাফ হাওলাদার (৪৯) ও ফরিদ মুন্সীকে (৪০) গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট চালককে অচেতন করে ছিনিয়ে নেওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।