সাত জলদস্যু আটক, ৩১ জেলে উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা থেকে গতকাল শনিবার সকালে দুটি ট্রলারসহ সাত জলদস্যুকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় জলদস্যুদের কাছ থেকে অপহূত ৩১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে পাঁচটি বন্দুক, একটি কাটা রাইফেল, ৪৪৫টি গুলি, দিকদর্শন যন্ত্র ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও ৬৮টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আটক জলদস্যুরা সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু সাগর বাহিনীর সদস্য বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।আটক জলদস্যুরা হলেন মাহবুব তরফদার, কবির সুলতান শেখ, শহিদুল শেখ, মামুন শেখ, মতিন সিকদার, জলিল হাওলাদার, আল আমিন গাজী। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বরগুনা, পাথরঘাটা, তালতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়।কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্টের কমান্ডার লে. ইসতিয়াক আহম্মেদের নেতৃত্বে গতকাল সকালে জলদস্যুদের আটকের পর বেলা ১১টার দিকে পাথরঘাটায় আনা হলে কয়েক হাজার জেলে কোস্টগার্ড কার্যালয়ের সামনে মিছিল করে আটক জলদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় সমাবেশে জেলে ও ট্রলার মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, বারবার এই জলদস্যুদের আটক করা হলেও পুলিশের দুর্বল তদন্তের কারণে আইনের ফাঁকফোকর গলিয়ে জলদস্যুরা মুক্তি পেয়ে জেলেদের ওপর পুনরায় হামলা নির্যাতন এবং লুটপাট চালায়।উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শুক্রবার সকালে জলদস্যুরা একটি ট্রলার নিয়ে কুয়াকাটার গঙ্গামতী থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে শিবচর এলাকায় পাথরঘাটার এফবি সেলিম নামে একটি ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি শুরু করে। এর পর থেকে শুক্রবার দিবাগত রাত দুইটা পর্যন্ত দস্যুরা ২৭টি ট্রলারে লুটপাট চালায় এবং ৩১ জন জেলে ও মাঝিকে অপহরণ করেন। পরে দুটি ট্রলারে করে অপহূত জেলেদের সুন্দরবনের গহিনে নিয়ে যাওয়ার সময় পাথরঘাটার লালদিয়া থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বড়াইয়ারচর নামক স্থানে ট্রলার দুটি চরে আটকা পড়ে। খবর পেয়ে কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্টের সদস্যরা গিয়ে গতকাল সকাল নয়টার দিকে অপহূত জেলেদের সহায়তায় সাত দস্যুকে আটক করে।লে. ইসতিয়াক আহম্মেদ বলেন, আটক জলদস্যুদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।