সাত জলদস্যুর হাত-পা ভেঙে চোখ উৎপাটন, অস্ত্র উদ্ধার
ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে বিক্ষুব্ধ জেলেরা গতকাল বুধবার সাত জলদস্যুকে ধরে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দিয়েছেন।তাঁদের মধ্যে পাঁচজনের চোখ উৎপাটন এবং অপর দুজনের চোখ খুঁচিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।আহত ডাকাতেরা হলেন মোতাহার (৩০), রুহুল আমিন (৪০), আ. রহমান (৩৫), নূরনবী (৩৫), আবদুল মান্নান (৪৫), আবদুস শহিদ (৩০) ও লোকমান (৩৫)। এঁদের বাড়ি ভোলার বিভিন্ন উপজেলায়।প্রত্যক্ষদর্শী চর কুকরি-মুকরির বাসিন্দা বাবুল, মোতালেব, ইলিয়াছ, জাহাঙ্গীর, লাবলুসহ কয়েকজন জানান, গতকাল ভোরে জেলেরা মেঘনা ও সাগরের মোহনায় মাছ ধরতে যান। এ সময় জলদস্যুরা ডাকাতিয়া ঘাটের আমির মাঝি, মনুরা ঘাটের লাবলু, আলী আব্বাস মাঝি ও হারুন মৃধার চারটি ট্রলারে ডাকাতি করে। এই খবর শুনে মনুরা ঘাটের কয়েক শ জেলে ও আড়তদার লাঠিসোঁটা নিয়ে কয়েকটি ট্রলারে করে তাদের প্রতিরোধ করতে গেলে জলদস্যুরা আলী আব্বাস মাঝি ও হারুন মৃধাকে নৌকাসহ অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনার পর বেলা ১১টার দিকে একদল ডাকাত কুকরি-মুকরি বনের পূর্ব দিক থেকে বের হয়ে কচ্ছফিয়ার দিকে যাচ্ছিল। এ সময় মূষলধারে বৃষ্টি শুরু হলে তারা উত্তর কুকরি-মুকরি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আশ্রয় নেয়। এর আগে তারা একটি বস্তা বিদ্যালয়ের টয়লেটে রেখে আসে। কয়েকজন ছাত্র ওই বস্তার মধ্যে অস্ত্র দেখতে পায়। এরপর তারা কৌশলে ডাকাতদের কক্ষের বাইরে থেকে খিল আটকে দিয়ে ‘ডাকাত! ডাকাত!’ বলে চিৎকার করতে থাকে। মুহূর্তের মধ্যে কয়েক শ মানুষ জমা হয়ে তাদের মারধর করে হাত-পা ভেঙে দেয় এবং চোখ তুলে ফেলে।চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদের চোখ তুলে ফেলা হয়েছে। তাদের কাছ থেকে একটি করে কাটারাইফেল, বন্দুক, পিস্তল ও ম্যাগাজিন এবং ২১টি গুলিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।