সাত জাপানির মরদেহ বিমানবন্দরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত সাত জাপানি নাগরিকের মরদেহ একটি বিশেষ উড়োজাহাজে করে জাপানে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সাত জাপানির লাশ কঠোর নিরাপত্তায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দুপুর ২টার কিছু আগে সাত জাপানি নাগরিকের লাশ বিমানবন্দরে আনা হয়। তিনি বলেন, জাপান সরকারের পাঠানো বিশেষ উড়োজাহাজে নিহতদের স্বজনেরা ও দেশটির সরকারি কর্মকর্তারাও যাবেন।
গত শুক্রবার আর্টিজান হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় সাত জাপানি নাগরিকসহ মোট ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, একজন ভারতীয়, দুজন বাংলাদেশি ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন।