সাত জেলায় গ্রেপ্তার ১৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত জেলায় ‘বিশেষ অভিযান’ চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। গত শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত এসব গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭৭ জনই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী। আর বিএনপির নেতা-কর্মীর সংখ্যা ছয়জন। বাকি ৪৮ জনকে বিভিন্ন ধরনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
সাতক্ষীরা: নাশকতার আশঙ্কায় পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী জেলার আটটি উপজেলায় অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াত-শিবিরের ১৮ জন কর্মী আছেন। বাকি ২৫ জন বিভিন্ন মামলার আসামি।
নীলফামারী: জেলায় বিশেষ অভিযানে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জামায়াত-শিবিরের ৩৫ জন নেতা-কর্মী ও বিএনপির ১ জন। বাকি ১৭ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মধ্যে আছেন ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী মফিজার রহমান, একই উপজেলার খুটামারা ইউনিয়ন জামায়াত নেতা মোজাম্মেল হোসেন, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন।
ফরিদপুর: নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কায় জেলার দুটি উপজেলা থেকে জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি একজন বিএনপির কর্মী। আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ জামায়াতের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বোয়ালমারী উপজেলা থেকে জামায়াতের ১৫ কর্মী ও বিএনপির এক কর্মীকে আটক করা হয়।
মেহেরপুর: তিন উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ছয় কর্মী-সমর্থককে আটক করেছে।
সিলেট: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদকে গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, লোকমানের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে।
কুমিল্লা: জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াত নিয়ন্ত্রিত শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর (উত্তর) শাখার সেক্রেটারি কাজী গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মারামারি, বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুরের অভিযোগে এক ডজন মামলা রয়েছে।
অভয়নগর (যশোর): উপজেলার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা-পুলিশ। তারা বিভিন্ন মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুরে পাঁচ দিনে গ্রেপ্তার পাঁচ শতাধিক: যৌথ বাহিনী নাশকতামূলক কাজে জড়িত থাকার সন্দেহে গত এক সপ্তাহে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে। গতকাল রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির ফরহাদ মোল্লা রয়েছেন বলে জানায় পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে রাউৎকোনা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাঁর সঙ্গীরা পালিয়ে যায়।