সাত জেলার বাস ধর্মঘট স্থগিত
বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল ও বেনাপোলের বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ঢাকার সঙ্গে এসব সড়কপথে বাস চলাচল শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি সাত জেলায় ধর্মঘট ডাকে। গতকাল বেলা আড়াইটা থেকে আজ সকাল পর্যন্ত ঢাকার সঙ্গে এসব জেলার বাস চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি পবিত্র কাপুড়িয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় সভাপতি এনায়েত উল্লার মধ্যস্থতায় ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী ৪ তারিখে এ ব্যাপারে বৈঠক হবে।’
বাস-ট্রাক মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলী এলাকায় ইগল পরিবহনের একটি বাসের ধাক্কায় মতিয়ার নামের এক যুবক মারা যান। এর জের ধরে গতকাল দুপুরে কিছু যুবক গাবতলীতে ইগল পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করে তাঁদের পাঁচটি বাস নিয়ে যান। এর প্রতিবাদে বেলা আড়াইটা থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।