সাত জেলায় আটক দুই শতাধিক
গত দুই দিনে সাতটি জেলা থেকে দুই শতাধিক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। জামায়াতের জেলা আমিরসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
আমাদের নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে জেলা জামায়াতের আমির শাহাবুদ্দিনসহ ১৩ জনকে গতকাল সকালে শহরের জলেশ্বরীতলা থেকে আটক করে পুলিশ। এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত আটক করা হয় ৬৪ জনকে। যশোরের বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনী মঙ্গলবার রাতে ৬১ জনকে আটক করেছে। এর মধ্যে অভয়নগর উপজেলার চাঁপাতলায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ২৯ জন ও মনিরামপুরে ভোটকেন্দ্রে হামলার মামলায় ছয়জনকে আটক করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার রাতে শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গাইবান্ধার চারটি উপজেলায় মঙ্গলবার রাতে যৌথ বাহিনী আটক করে ১২ জনকে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে নির্বাচনী সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে ৪৩ জনকে আটক করা হয়েছে। সীতাকুণ্ডে মঙ্গলবার রাতে আটক করা হয় বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে। পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত দুই দিনে ৩১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ৩০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান। কুষ্টিয়ার মিরপুর উপজেলা শহরে গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।