সাত জেলায় আরও ২৯ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ বাহিনীর অভিযানে দেশের সাত জেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রাম থেকে পাঁচজন, মৌলভীবাজার ১১, নড়াইল তিন, কুষ্টিয়া চার, পাবনা এক, ভোলা দুই ও নাটোর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা মহাসড়কে গাড়ি ভাঙচুর, আগুনসহ নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। সাতকানিয়া থেকে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফয়েজকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নগরের মৌসুমি আবাসিক এলাকার কবরস্থানের পাশ থেকে তাঁকে আটক করা হয়।
মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৮-দলীয় জোটের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে ও গতকাল ভোরে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জে গ্রেপ্তার হওয়া বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইলে বিএনপি ও জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়ায় বৃহস্পতিবার রাতে বিএনপির দুজন ও জামায়াতের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনায় বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ (৭৫)।
ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির প্রচার সম্পাদক বশির হাওলাদার এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির তালুকদারকে গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা থানায় মামলা রয়েছে। নাটোরের লালপুর উপজেলার দাইড়পাড়া গ্রামে গতকাল দুপুরে অভিযান চালিয়ে কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।