সাত জেলায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী, বগুড়ার শিবগঞ্জ, টাঙ্গাইলের মধুপুর, ফেনীর পরশুরাম, গাজীপুরের টঙ্গী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এবং নড়াইল সদরে গত সোম ও গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ ১৩ নিহত হয়েছেন।প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:শিবগঞ্জ (বগুড়া): পুলিশ ও এলাকাবাসী জানায়, শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: অটোরিকশার চালক এমরান হোসেন (৪০), অটোরিকশার যাত্রী শিশু পূর্ণতা (৬), বাবু মিয়া (৫০) ও এজাদুল ইসলাম। এ ঘটনার পরপরই স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ার ও খড়িতে অগ্নিসংযোগ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় অবরোধ তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে জনতার বাগিবতণ্ডার ঘটনা ঘটে। পরে জনতার দাবির মুখে মহাসড়কের মোকামতলা এলাকায় চারটি এবং পাকুরিয়া এলাকায় দুটি গতিরোধক নির্মাণের দাবি মেনে নেওয়া হলে তারা বেলা একটায় অবরোধ প্রত্যাহার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বাস ও অটোরিকশাকে আটক করে মোকামতলা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। গৌরনদী (বরিশাল): প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গৌরনদী উপজেলার সাহাজিরা নামক এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী বাস ও মিশুকের মুখোমুখি সংষর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত রাবণ বণিক (৫৫) উপজেলার বাটাজোর বন্দরের ব্যবসায়ী। তিনি মিশুকের যাত্রী ছিলেন। রাবণ বণিক বাটাজোর গ্রামের সুধাংশু বণিকের ছেলে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান। নড়াইল: প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার সকালে সদর উপজেলার গোবরা খালের সেতুর ওপর স্কুলভ্যানকে যাত্রীবোঝাই একটি বাস চাপা দিলে অথই খাতুন (৫) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ভ্যানচালক আবদুল জলিল (৫৫), স্কুলছাত্র আনিসা (৫), ইমন মিনা (৮) ও জিহাদ মিনা (৬) গুরুতর আহত হয়। এ ঘটনায় গোবরা বাজারের ভেতর দিয়ে বাস চলাচল বন্ধ এবং বাইপাস সড়কের দাবিতে বাজার বণিক সমিতি ও এলাকাবাসী নড়াইল-ফুলতলা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে।পুলিশ জানায়, গাড়িচালক আনোয়ার হোসেন ও কন্ডাক্টর জাফর আলীকে আটক করা হয়েছে।টাঙ্গাইল: পুলিশ জানায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাড়ালজানি এলাকায় গতকাল দুপুরে কাভার্ডভ্যান ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এতে টেম্পো দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানখেতে উল্টে পড়ে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পিরোজপুর গ্রামের আমজাদ আলী (৭০), কাকরাইদ গ্রামের মনছুর আলীর ছেলে সুরুজ আলী (৩৫) ও পিরোজপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম (৭০)। টঙ্গী (গাজীপুর): পুলিশ জানায়, টঙ্গীতে গতকাল সকালে একটি প্রাইভেট কারের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার নাম তামান্না খাতুন (৭)। তামান্নার বাবা মো. জালাল টঙ্গী রেলস্টেশনে কুলির কাজ করেন। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার শিংজৈল কাগদাড়া গ্রামে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশু আহত হয়েছে। তাকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বালুকবেড় এলাকায় একটি মালবাহী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে চালক মো. জালাল মিয়া নিহত হন। এদিকে গত সোমবার দুপুরে একটি মালবাহী ট্রলির ধাক্কায় বিষ্ণুপুরে সাইকেল আরোহী মো. জুবেদ আলী (৬৫) নিহত হয়েছেন। পরশুরাম (ফেনী): পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে গতকাল বিকেলে বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম আসমা আক্তার। সে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। প্রতিদিনের মতো স্কুল ছুটি শেষে ছোট ভাই দ্বিতীয় শ্রেণীর ছাত্র মো. জোবায়েরকে নিয়ে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। তার বাবার নাম জয়নাল আবেদীন। এ ঘটনায় শত শত লোক বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করে রাখে।