বজ্রপাতে আরও ১৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ৪ জনসহ ৯টি জেলায় বজ্রপাতে গতকাল সোমবার ১৫ জনের প্রাণহানি হয়েছে। তাঁদের নয়জনই কৃষক। আহত হয়েছেন সাতজন। গত রোববার বজ্রপাতে ১০ জেলায় ১৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে বজ্রপাতে দুই দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২।

পুলিশ, পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় বজ্রপাতে তিন কৃষক ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকার রফিকুল ইসলাম (৩৪) এবং ভোলাব মোল্লাবাড়ির হাসেম মোল্লা (১৭) জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন। একই সময়ে তারাব পৌরসভার তেতলাবোয় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে ফরহাদ শেখ (১৪) নামে এক স্কুলছাত্র মারা যায়। স্থানীয় জলিল শেখের ছেলে ফরহাদ তেতলাবো আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণিতে পড়ত। এর আগে সকালে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামে বাড়ির পাশের খেতে ধান কাটার সময় ওবায়দুল (৩০) নামের এক কৃষক মারা গেছেন।

রাজশাহীর পুঠিয়ায় নওপাড়া গ্রামে সকালে খেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক ইয়াকুব আলী (৪০) মারা যান। প্রায় একই সময়ে গোদাগাড়ীর জোতজয়রাম গ্রামে কৃষক বাবলু শেখ (৩৮) মারা গেছেন।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একটি হাওরে ধান কাটা শ্রমিক ইয়াহিয়া আহমদের (৪২) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রায়পুর গ্রামে। তিনি দক্ষিণ সুনামগঞ্জের দরগপাশা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের আবদুস সোবহানের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। বজ্রপাতে আহত হন আরেক শ্রমিক আবদুল্লাহ (৪০)।

হবিগঞ্জের বানিয়াচংয়ের দক্ষিণ তেলকুমার হাওরে দুপুরে শামসুল হক (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জাতুকর্ণপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা-বাগানে দুপুরে কাজ করার সময় অজয় গোয়ালা (২২) নামের এক শ্রমিক মারা গেছেন। এ সময় কিশোর গোয়ালা (২০), দিপেন সবর (২৫), রাখাল সবর (২৭) ও রিপন ভূঁইয়া (১৮) নামের চার শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের¤শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সময়ে জেলার কমলগঞ্জ উপজেলার উত্তরভাগ গ্রামে খেত থেকে চারটি গরু নিয়ে বাড়ি ফেরার পথে তমিজ উদ্দীন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গরুগুলোও মারা যায়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামে সকালে বাড়ির পাশে ধান কাটতে গিয়ে হাবিবুর রহমান (৪০) নামের এক কৃষক মারা গেছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের উজিয়ারা গ্রামে দুপুরে বাড়ির উঠানে কাজ করার সময় হাজেরা বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। তিনি ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী। একই সময়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের শ্রীফলতলায় কৃষক ভুলু মিয়া (৪০) মারা গেছেন। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার ভাঙাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পাটখেতে কাজ করার সময় আবদুল মতিন মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে সকাল সাড়ে ১০টার দিকে খেত থেকে ধান আনতে গিয়ে হাসিবুল ইসলাম (২৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে হাসিবুল চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতকোত্তর শ্রেণিতে পড়তেন। একই সময়ে শৈলগাড়ি গ্রামে বাইসাইকেল চালিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুলছাত্রী মেয়েকে আনতে যাওয়ার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন স্কুলশিক্ষক নজরুল ইসলাম (৪০)।