সাত জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, কুমিল্লার দাউদকান্দি ও দেবীদ্বার, যশোর, পাবনা, বরিশালের আগৈলঝাড়া, মাগুরা ও কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল মঙ্গলবার ও গত সোমবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: রাজশাহী নগরের আসাম কলোনি এলাকায় গতকাল হিউম্যান হলারের ধাক্কায় নবী হোসেন (১৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে নবী হোসেন সড়ক পারাপারের সময় একটি হিউম্যান হলার তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে গতকাল সকাল নয়টার দিকে একটি মাইক্রোবাস ও বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী খলিলুর রহমান (২৫) নিহত হন। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামে।যশোর: যশোর-ঝিনাইদহ সড়কের শানতলায় গতকাল সকালে বাসের ধাক্কায় নছিমনের আরোহী জাহানারা বেগম (৪০) নিহত হয়েছেন। যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের জাহানারা বেগম খয়েরতলা থেকে নছিমনে করে চূড়ামনকাঠি বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পাবনা: পাবনা-সুজানগর সড়কের সাদুল্লাপুরে গতকাল সকালে আতাইকুলা থানার সাদুল্লাপুর গ্রামের ফেরদৌস আরা (৩০) টেম্পোর নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। গৌরনদী (বরিশাল): বরিশালের আগৈলঝাড়া উপজেলার মাহিলারা-সেরাল সড়কের সেরাল নামক স্থানে সোমবার বিকেলে রুবেল হোসেন নামের এক কিশোর নছিমনের চাপায় নিহত হয়েছে। রুবেল সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও কাজীরহাট গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।মাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় গত সোমবার সকাল পৌনে নয়টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী লাবণী (৭) নিহত হয়েছে। সে ইছাখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও ইছাখাদা গ্রামের লিটন মিয়ার মেয়ে।ভেড়ামারা (কুষ্টিয়া): ভেড়ামারা-কুষ্টিয়া সড়কের দশমাইল নামক স্থানে সোমবার বেলা ১১টার দিকে ট্রাকের চাপায় মলিনা (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে স্থানীয় ওয়াহেদপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও দশমাইল গ্রামের মুনছুর আলীর মেয়ে।দেবীদ্বার (কুমিল্লা): মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের তেমুরিয়ায় সোমবার সকালে একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ট্রাক্টরের চালকের সহকারী আল আমীন (২৬) নিহত হয়েছেন। ট্রাক্টরটির ইঞ্জিনে আগুন ধরে গেলে আল আমীন ট্রাক্টর থেকে লাফিয়ে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।