সাত জেলে অপহরণের পর দুজন উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন তেলিরচরের অদূরে মেঘনা নদী থেকে গত রোববার ভোরে ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করেছে একদল জলদস্যু। অপহূত জেলেদের মধ্যে গতকাল সোমবার সকালে দুজনকে উপজেলার চরমেহার গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করেছেন এলাকাবাসী। এ সময় মো. ফজলুল হক নামের একজনকে আটক করা হয়। উদ্ধার করা ব্যক্তিরা হলেন মো. জাবের ও রণজিৎ দাস। তাঁদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। জাবের বলেন, রোবার ভোরে ট্রলারে করে অন্য দুই সঙ্গীকে নিয়ে তিনি নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে ট্রলারে করে সাত-আটজনের একদল জলদস্যু এসে তাঁদের আটক করে। পরে ট্রলারসহ তাঁর দুই সহযোগীকে জলদস্যুরা ছেড়ে দেয়। কিন্তু ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে তাঁকে আটকে রাখে। ওই রাতে তাঁকে উপজেলার ওছখালী ঘাট এলাকায় ফজলুর জিমঞ্চায় রাখা হয়। রণজিৎ বলেন, তিনি ট্রলারে করে রোববার ভোরে আট সহযোগীসহ তেলিরচরের ঢালে কাঁকড়া ধরছিলেন। একপর্যায়ে একদল জলদস্যু হানা দেয়। তাঁকে জলদস্যুদের ট্রলারে তুলে নেওয়া হয়। তাঁর সহযোগীসহ ট্রলারটি জলদস্যুরা নিয়ে যায়। রণজিৎ দাসের আড়তদার রিপন দাস জানান, অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তিনজন জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসেন। ওই তিন জেলে তাঁকে জানান, পাঁচ জেলেকে জলদস্যুরা তেলিরচরের একটি খালের দিকে নিয়ে গেছে। অপহূত জেলেরা হলেন, সুনীল দাস, কেশব দাস, নিশান দাস, অমর দাস ও শিশু কাকন দাস।রিপন আরও বলেন, জলদস্যুদের সর্দার পরিচয় দিয়ে নাছির নামের এক ব্যক্তি গত রোববার সকাল ১০টার দিকে মুঠোফোনে তাঁর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন। চরমেহার এলাকার মো. নুরুল ইসলাম, মো. নুর উদ্দিন, মো. নেছার বলেন, দুজনকে অপহরণ করে জামাল মিস্ত্রির বাড়িতে আটকে রাখা হয়েছে—এমন খবর পেয়ে এলাকাবাসী ওই বাড়ি ঘেরাও করেন। পরে ওই দুজনকে উদ্ধার ও ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।রামগতি থানার পরিদর্শক (তদন্ত) রেজা মাহবুব বলেন, অপহরণের ঘটনাস্থল ও অপহূত ব্যক্তিদের বাড়ি হাতিয়ায়। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে হাতিয়া থানায় বার্তা পাঠানো হয়েছে।