সাত ট্রাক্টরচালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় গোমতী নদীর তীর থেকে মাটি কাটার অপরাধে সাত ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম মো. জাকির হোসেন এ সাজা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ও পুলিশের সদস্যরা। জানা যায়, গতকাল দুপুরে গোমতী নদীর বদরপুর ও পালপাড়া এলাকা থেকে সাত ট্রাক্টরের চালককে আটক করা হয়। এ সময় অন্য চালকেরা ট্রাক্টরের চাকার হাওয়া ছেড়ে দিয়ে পালিয়ে যান। পরে আটককৃত ট্রাক্টরচালকদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাকিম মো. জাকির হোসেন বলেন, ‘গোমতী নদীতীরের মাটি কেটে সাবাড় করে ফেলছে অসাধু চক্র। তাঁদের হাত থেকে এ নদীকে বাঁচাতে হবে। তাই ভ্রাম্যমাণ আদালত এখন থেকে নিয়মিত অভিযান চালাবে।’ জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘প্রথম আলোর সচিত্র প্রতিবেদন দেখে আমি হতাশ। নদীর বুকে মানুষের এমন তাণ্ডবলীলা কোনোভাবেই বরদাশত করা হবে না। সেখানে প্রতিনিয়ত অভিযান চালিয়ে নদী ও বাঁধকে বাঁচাতে হবে।’ গতকাল বুধবার প্রথম আলোর বিশাল বাংলার (সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা) ৫ নম্বর পৃষ্ঠায় ‘নদীতীরের মাটি কাটার মহোৎসব!’ শীর্ষক সচিত্র প্রতিবেদন ছাপা হয়।