‘ঈশ্বরের উপহার অটিস্টিক শিশুদের’ জীবনের গুণগত পরিবর্তনে সমাজে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। গতকাল সোমবার ঢাকায় অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এই অভিমত দিয়েছেন। সম্মেলনের সাত দফা ঢাকা ঘোষণায় অটিজম-আক্রান্ত শিশুদের স্বাস্থ্যসেবার মান বাড়াতে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক অটিজম স্পিকস যৌথভাবে হোটেল রূপসী বাংলায় সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, অটিজম-আক্রান্তদের শুধু খাবার, পড়াশোনা ও থাকার নিশ্চয়তা দিলেই চলবে না; তাদেরকে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়াটাও জরুরি।অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার অটিজম সমস্যা মোকাবিলায় বৈজ্ঞানিকভাবে সঠিক ও অর্থনৈতিকভাবে বাস্তবায়নযোগ্য উপায় উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেন। অটিস্টিক শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। ‘আমার প্রিয় স্বদেশ’ শীর্ষক আধা ঘণ্টার এ পরিবেশনা অনুষ্ঠানে আগত অভ্যাগতদের মুগ্ধ করে রাখে।হাত বাড়িয়ে দাও: ভারতভিত্তিক অ্যাকশন ফর অটিজমের প্রধান পৃষ্ঠপোষক সোনিয়া গান্ধী বলেন, অটিজম শিশু যে প্রতিবন্ধী, সেটা একনজরে দেখে বোঝার উপায় নেই। তাই এ ব্যাপারে সমাজে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। দুঃখজনক হলেও সত্যি, দক্ষিণ এশিয়ার সমাজে অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধী রোগে শিকার হওয়া লোকজন ন্যূনতম সমবেদনা পায় না।ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী বলেন, অটিজম-আক্রান্ত শিশুদের মধ্যে অত্যন্ত মেধাবী অনেকেই রয়েছে, যথাযথভাবে পরিচর্যা করলে তারা যে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, তার প্রমাণ রয়েছে। আর সমাজ যদি তাদের বিকাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়, বিনিময়ে সমাজকে তাদের অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে। তাই অটিস্টিক শিশুদের ব্যাপারে সমাজের ধারণা পাল্টানো জরুরি।সোনিয়া গান্ধী বলেন, কোনো অটিস্টিক শিশুর প্রথম তিন বছরকে বলা হয় সবচেয়ে বেশি সংকটময় সময়। বাবা-মাকে অবশ্যই এ বিষয়ে ধারণা নিতে হবে। তাদেরকে সঠিক পথে পরিস্থিতি সামাল দিতে হবে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, সম্মেলন যুগান্তকারী যাত্রার সূচনা করবে, সমাজের লুকিয়ে থাকা সমস্যার সমাধানে অটিজম নেটওয়ার্ক সক্রিয় ভূমিকা রাখবে।’পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি: শেখ হাসিনা তাঁর বক্তৃতায় অটিজম-আক্রান্তদের কষ্ট দূর করা এবং তাদের অধিকার আদায়ে প্রয়োজনীয় সামাজিক ও আইনি পরিকাঠামো তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশ যত দ্রুত সম্ভব এ বিষয়ে বাস্তব পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, ‘পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এমন একটি প্রক্রিয়া শুরু করা উচিত, যা দক্ষিণ এশিয়ার অটিজম সমস্যা মোকাবিলায় বৈজ্ঞানিকভাবে সঠিক ও অর্থনৈতিকভাবে বাস্তবায়নযোগ্য একটি উপায় উদ্ভাবনে সহায়ক হবে।’ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, অটিজম স্পিকস, ডব্লিউএইচও, জাতিসংঘ ও অন্যান্য সবার সহযোগিতায় অটিজম সমস্যা নির্ণয়ে উন্নত পদ্ধতি ও চিকিৎ সাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শিরানথি রাজাপক্ষে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সহধর্মিণী ইলহাম হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এনডাং রাহাজু সেদিয়ানগিশ, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়নপো জাংলু দুকপা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ড. শেখর সাক্সেনা, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অটিস্টিক সেন্টারের পরিচালক আয়শা সাইফ মোহাম্মদ হামদান আলী, জর্ডানের আল-দুলাল সেন্টার ফর কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশনের পরিচালক বেলাল আল-নিজামী বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত। অনুষ্ঠানে অটিজম স্পিকসের প্রতিষ্ঠাতা বব ও সুজান রাইটের একটি ভিডিও বার্তা দেখানো হয়।ঢাকা ঘোষণার মূল প্রসঙ্গ: সাত দফা ঢাকা ঘোষণায় সমন্বিত আঞ্চলিক ও বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অটিজম শিশুদের বিকাশে সচেতনতা বাড়ানো, সম্পদের জোগান, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, বিশেষজ্ঞদের উন্নত প্রশিক্ষণ দান এবং প্রয়োজনীয় আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে এ সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোকে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করার আহ্বান জানানো হয়েছে।