বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সাত দফা দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়৷
সাত দফা দাবির মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি বা চ্যান্সেলর অনুমোদিত উপাচার্য, সহ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ; যুগোপযোগী চাকরি বিধিমালা ও সম্মানজনক বেতনকাঠামো; বিএমডিসি এবং আইইবির সনদের ব্যবস্থা; পর্যাপ্ত শিক্ষক-চিকিৎসক নিয়োগ এবং শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণের ব্যবস্থা; আর্থিক হিসাবে স্বচ্ছতা আনা৷
দাবি আদায়ে ইউএসটিসির শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ গত ১৮ মে থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন।
সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যস্থতায় বিশ্ববিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষ লিখিতভাবে দাবি পূরণের প্রতিশ্রুতি দিলে, তবেই আন্দোলন কর্মসূচি তুলে নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কর্মকর্তা ও কর্মচারী সমন্বয় পরিষদের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম। পরে লিখিত বক্তব্য পড়ে শোনান সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক কামাল উদ্দীন৷