সাত দফা দাবিতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) কর্মরত ব্যক্তিদের সংগঠন কর্মীমঙ্গল সংস্থার আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে সংগঠনটির কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে আইসিডিডিআরবির ঢাকা ও মতলব কার্যালয়ের কর্মীমঙ্গল সংস্থার নেতা ও কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, দাবি না মানলে আজ রোববার সংগঠনের প্রায় পাঁচ হাজার সদস্য কালো ব্যাজ ধারণ ও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। কাল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করবেন। এরপর তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাবেন।
ব্র্যাকের কাছে আইসিডিডিআরবির মূল ভবনের জায়গার ইজারা চুক্তি বাতিল, ক্যানটিন ও যাতায়াতে ভর্তুকি বহাল রাখা, চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা, প্রধান পরিচালন কর্মকর্তার অপসারণ, জাতিসংঘের বেতনকাঠামো অনুযায়ী কর্মরতদের বেতন নির্ধারণের দাবিতে আন্দোলন করছে কর্মীমঙ্গল সংস্থা।