সাত দফা দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ও কৃষকের স্বার্থে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে গতকাল সোমবার তেঁতুলিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৩টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।ঠাকুরগাঁও জেলা কৃষক সমিতি গতকাল সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন। মানববন্ধন কর্মসূচি পালনকালে সমাবেশে বক্তব্য দেন সৈয়দ মেরাজুল হোসেন, মনসুর আলম, ইসমাইল হোসেন, আবু জাহেদ ও মো. আজাদ।বক্তারা ধান, পাট, আখসহ সব কৃষিপণ্যের লাভজনক মূল্য কৃষকদের নিশ্চিতকরণ; গ্রামে সরকারি ক্রয়কেন্দ্র চালু; সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ ও সেগুলোতে কৃষকদের পণ্য কম খরচে রাখার ব্যবস্থা করা; কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা; সেচ প্রকল্পের সংখ্যা বাড়ানো; শস্যবিমা চালু এবং অচল রেল সচল করার দাবি জানান।পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা, পঞ্চগড়-ঢাকা মহাসড়কের সরকারি মিলনায়তনের সামনে এবং বোদায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বাসস্ট্যান্ডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন শত শত নারী-পুরুষ ও কিষান-কিষানি।