অনার্স কোর্স চালুসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও মিছিল করেছে কক্সবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। ছাত্রীদের নিয়ে গঠিত ‘পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে। পরে তারা প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ের জন্য আগামী ২০ মার্চ দুই ঘণ্টার মানববন্ধন এবং ২৩ মার্চ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রীরা আমরণ অনশন কর্মসূচি পালন করবে। স্মারকে অনার্স কোর্সসহ পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ চালু, বাণিজ্য বিভাগ চালু, শিক্ষক সংকটের অবসান, শিক্ষকের নতুন পদ সৃষ্টি, ছাত্রীদের আবাসন সমস্যা দূরীকরণসহ সাত দফা দাবি উল্লেখ করা হয়।গতকাল মানববন্ধন শেষে ছাত্রীরা প্রধান সড়কে মিছিলও করে। কর্মসূচি চলাকালে কমিটির আহ্বায়ক কোহিনুর সিকদার বলেন, কলেজে বাণিজ্য বিভাগ চালু না থাকায় অনেকে মানবিকে পড়তে বাধ্য হচ্ছে। এইচএসসিতে বিজ্ঞান বিভাগ চালু থাকলেও ডিগ্রিতে নেই। এত বড় একটি কলেজে মাত্র ১২ জন শিক্ষক। ইংরেজি, গণিতসহ চারটি বিভাগে শিক্ষক নেই দীর্ঘদিন ধরে।কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, সাংবাদিক নেতা আবু তাহের, গ্রিন কক্সবাজারের নির্বাহী পরিচালক ফজলুল কাদের চৌধুরী, নারীনেত্রী খোরশেদ আরা হক, কানন পাল, মনজুরা আকতার, দীপ্তি শর্মা, মাহবুবুর রহমান প্রমুখ। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টুয়াক), তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বিকশিত নারী, প্রথম আলো বন্ধুসভা, ঝিনুকমালা খেলাঘর আসর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্বপ্নের সিঁড়ি, বন ও পরিবেশ সংরক্ষণ কমিটিসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে। সমাবেশে ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘অনার্স কোর্স চালুসহ পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে রূপান্তরিত করা শুধু ছাত্রীদের নয়, গোটা জেলাবাসীর প্রাণের দাবি।’ দুপুর ১২টায় জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ মানববন্ধনে যোগ দিয়ে ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘আমিও তোমাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। আমি এ ব্যাপারে চেষ্টা তদবির করব।