সাত দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সাত দফা দাবিতে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি দেওয়াসহ তিন দফা দাবিতে বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম ও খায়রুল আলমকে গত রোববার সকাল ১০টা থেকে গতকাল সোমবার ভোর চারটা পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যানের কক্ষে আটকে রাখেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ওই তিন দফা বাস্তবায়ন করা হবে মর্মে তাঁদের কাছ থেকে জোরপূর্বক মোচলেকা আদায় করেন। গতকাল ভোরে ওই বিভাগের শিক্ষকেরা তাঁদের উদ্ধার করেন। এ ঘটনার পর শিক্ষক সমিতি জরুরি সভা করে তিন শিক্ষককে আটকে রাখার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি, ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়।

 শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, সমিতির সভায় সাত দফা দাবি নিয়ে দুপুরে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের বৈঠক হয়। বৈঠকে শিক্ষক সমিতির একাধিক নেতা উপাচার্য এ কে এম সাইদুল হক চৌধুরীকে শিক্ষকদের আটকে রাখার ঘটনার সুষ্ঠু বিচার করার জন্য বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। বিকেলে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলা বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানা যায়নি।